অভয়নগরে ইফতারের পর যুবদল নেতাদের ওপর জামাত-শিবিরের হামলা|একজনের অবস্থা আশঙ্কাজনক
অভয়নগর প্রতিনিধি, যশোর |
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
যশোরের অভয়নগরে ইফতার পরবর্তী সময়ে যুবদল নেতাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার বাগুটিয়া ও পাইকপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় অভয়নগর থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল শেখসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬শে ফেব্রুয়ারি ইফতারের পরপরই জামায়াতের যুব শাখা অভয়নগরের সেক্রেটারি মোহাম্মদ মাসুদ শেখের নেতৃত্বে জামাত- শিবিরের একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অতর্কিত এই হামলায় দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল ব্যবহার করা হয়েছে।
হামলায় গুরুতর আহতরা হলেন ইকবাল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক, অভয়নগর থানা যুবদল (পিতা: সরোয়ার শেখ), মোঃ খালিদ শেখ (পিতা: সরোয়ার শেখ, সাং- বাগুটিয়া), ইউসুফ শেখ (সাং- পাইকপাড়া), জাকির শেখ (সাং- ভাটপাড়া)।
আহতদের মধ্যে মোঃ খালিদ শেখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং মাথায় চাইনিজ কুড়াল দিয়ে করা কোপে গভীর ক্ষত তৈরি হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন সংশ্লিষ্টরা। সংক্ষুব্ধ নেতাকর্মীদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের “জঙ্গি স্টাইলে” হামলা কোনোভাবেই কাম্য নয়। ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে এ ধরনের তণ্ডব একটি অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।
এই নৃশংস হামলার ঘটনায় দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই হামলাকে সুপরিকল্পিত উল্লেখ করে হামলাকারী সংগঠনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

